প্রধানমন্ত্রীর নির্দেশে, ত্রাণ তহবিল থেকে ঈদগাঁও ও পিএমখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার ( ১৮ জুলাই ) সকাল ১১ টায় ঈদগাঁও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ও পিএমখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় এমপি কাজল বলেছেন, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের মাঝে স্বচ্ছতার সাথে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে, কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
বলেন, 'প্রধানমন্ত্রী-এর প্রত্যক্ষ নির্দেশনায বন্যাদুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি রোধে কোনো অসাধু চক্র যাতে দুর্যোগের সুযোগ নিতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এমপি কাজল।'
এদিন ঈদগাঁও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর পাশাপাশি ৩১ জনকে ঢেউটিন ও ১ লক্ষ ৬৮ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। পরে পিএমখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ১৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাদ্য-সামগ্রী তুলে দেন তিনি।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।