বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত কাজে আসেনি ভারতের। তার লড়াকু ১২৪ রানের ইনিংস ছাপিয়ে স্বাগতিকদের ৪১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ (২-১) জয়ের স্বাদ পেয়েছে কিউইরা।
ইন্দোরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৭ রান তোলে নিউজিল্যান্ড। শুরুর ধাক্কায় ৫ রানে ২ উইকেট ও পরে ৫৮ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ২১৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
মিচেল করেন ১৩৭ রান। ৮৮ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ফিলিপস।
জবাবে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। কোহলি ৫৪তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেও সেটা কাজে আসেনি। নিউজিল্যান্ডের হয়ে বাঁহাতি স্পিনার জেইডেন লেনক্স ১০ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল কাফ ইনজুরির কারণে মাঠ ছাড়লে আর ফেরেননি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মিচেল। যে কারণে একজন বোলার কম নিয়েই খেলতে হয় কিউইদের। পেসার জ্যাক ফোকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক নেন তিনটি করে উইকেট।