ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে কক্সবাজারে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এর প্রেক্ষিতে রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শনকালে সহকারী নৌবাহিনী প্রধান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে উল্লেখযোগ্য সংখ্যক সফল অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী।
নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে বদ্ধ পরিকর বলে জানান, নৌবাহিনীর সহকারী প্রধান।
তিনি আরও বলেন, ‘একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনী যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।’
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন সম্পন্ন করা হয়েছে বলে সহকারী নৌবাহিনী প্রধান জানান।
পাশাপাশি ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌ সদস্যদের পেশাদার ও আইনসম্মত আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম নিয়োজিত রয়েছে। পাশাপাশি ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।