কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯২ কোটি ৪৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের রেকর্ড। গত ১৪ জুলাই দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ঘন্টা কক্সবাজার আদালত কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
সিজেএম আদালতের ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৬ প্রকার মাদকদ্রব্য রয়েছে। তারমধ্যে, ২০ লক্ষ ৮০ হাজার ৬১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৮০'৫০ লিটার দেশীয় চোলাই মদ, ১২২ বোতল বিদেশী মদ, এক হাজার ৪৫৮ ক্যান বিদেশী বিয়ার, ১৩৩ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি ৯৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসব মাদক বিভিন্ন মাদক মামলায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জব্দ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে কোর্ট ইন্সপেক্টর শাহ আলম সহ বিচার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।