কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান থেকে মিয়ানমারের তৈরি ১টি এসএমজি, ৩১ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
তিনি বলেন, টেকনাফে জিম্বংখালী নাফ নদীর সংলগ্ন কেওরা বাগান এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে তথ্য পায় বিজিবি। এরপর থেকে ওই এলাকায় টহল তৎপরতা জোরদার করে বিজিবি। বুধবার বিকেলে সংবাদ পায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার। তাৎক্ষনিক সার্বিক নির্দেশনায় জীম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৫ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিক এবং বিজিবি’র ৫.৫ নং পোস্টের পূর্ব দিকে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের ভিতরে বিশেষ অভিযান চালানো হয়।
“অভিযানে সন্ত্রাসীদের কোন উপস্থিতি লক্ষ্য করা না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারের তৈরি ০১টি এসএমজি, ৩১ রাউন্ড গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করা হয়েছে।”
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “চোরাচালান প্রতিরোধ, যেকোনো সন্ত্রাসী অপতৎপরতা রোধে উখিয়া ব্যাটালিয়ন সর্বদাই তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সীমান্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। সন্ত্রাসী বিরোধী এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”