‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে ‘কমিউনিটি পুলিশিং’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৫টায় কক্সবাজার শহরের শহীদ সুভাষ হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ডিন অধ্যাপক ড. মোস্তফা কামিল, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আমানুল হক আমান, কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আক্তার চৌধুরী এবং পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সভায় কক্সবাজার সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে শিক্ষক, নারী প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীসহ সামাজিক পদমর্যাদাসম্পন্ন ৫৩২ জন কমিউনিটি পুলিশিং সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের সাম্প্রতিক ভূমিকা ও কার্যক্রমে আস্থা প্রকাশ করেন। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে সত্যিকার অর্থে সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান। পরে মোনাজাত ও দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।