কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভায় সরকারি দপ্তর প্রধানদের কাছে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার জবাবদিহি চেয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রতিটি দপ্তরের কাজের গভীর পর্যবেক্ষণ তুলে ধরে জনদুর্ভোগ নিরসনে স্পষ্ট ও কড়া দিকনির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফর রহমান কাজল ও কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
সভার শুরুতেই জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতি ও নানা সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।
উপকূলীয় এবং দ্বীপাঞ্চলের চরম জনগুরুত্বপূর্ণ সেবাখাতগুলোকে সচল করতে এমপি আলমগীর ফরিদ সংশ্লিষ্ট চার দপ্তরের প্রধানদের উদ্দেশে সরাসরি কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
তিনি মহেশখালী ও কুতুবদিয়াসহ সমগ্র কক্সবাজার জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে কঠোর নির্দেশ দেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চল রক্ষায় কুতুবদিয়ার চারপাশের বেড়িবাঁধ এবং মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটার ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে প্রাথমিক সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প ফাইল দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের তাগিদ দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে।
একই সাথে সাধারণ মানুষের প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে দ্রুত পূর্ণাঙ্গভাবে সচল করার তাগিদও দেন তিনি। এছাড়া জেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গতি বাড়িয়ে নির্দিষ্ট মেয়াদের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে উপস্থিত সকল দপ্তর প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে মাঠে নামার আহ্বান জানান এমপি আলমগীর ফরিদ।