কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৫৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শনিবার (২৪ অক্টোবর) তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নিজ ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
অর্থ বিতরণকালে এমপি আলমগীর ফরিদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রশাসনিক সহযোগিতা ও ত্রাণ সহায়তা প্রদানের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি আসিফ, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী এবং সদস্য সচিব এম এ সালাম কুতুবী।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার কামাল, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রায়হান, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।