কক্সবাজারের মহেশখালী উপজেলার অন্যতম দুই মেগা প্রকল্প মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র এবং কালারমার ছড়ার সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের সার্বিক কাজ, অগ্রগতি ও নিরাপত্তা বিষয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এই সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
# মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আইনশৃঙ্খলা সভা:
সোমবার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই বা সংরক্ষিত এলাকা হওয়ায় এর নিরাপত্তা ইস্যু নিয়ে সভায় ব্যাপকভাবে আলোচনা হয়। সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মকর্তারা এমপি আলমগীর ফরিদকে প্রকল্পের বর্তমান পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত অবগত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, "মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রটি দেশের অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এটি একটি কেপিআইভুক্ত এলাকা, তাই এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন পরিচালনা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।"
এ সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে মূল্যবান তার ও ক্যাবল চুরি প্রতিরোধ এবং এই সংরক্ষিত এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বিদ্যুৎকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া বিদ্যুৎপ্রকল্পে স্থানীয় শিক্ষিত যুবকদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের আশ্বাস প্রদান করেন।
সভা থেকে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষের সমন্বয়ে নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
# এসপিএম প্রকল্পে মতবিনিময়:
একই দিনে মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় অবস্থিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের কার্যালয়ে কর্মকর্তাদের সাথে অপর এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি আলমগীর ফরিদ।
সভায় জাতীয় দূরদর্শী এই জ্বালানি অবকাঠামো প্রকল্পের বর্তমান সার্বিক কাজের অগ্রগতি, নিরবচ্ছিন্ন পরিচালন ব্যবস্থা ও সম্ভাব্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ এসপিএম প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সামগ্রিক কাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
গুরুত্বপূর্ণ এই দুটি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান, সহকারী কমিশনার (ভূমি), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তা, এসপিএম প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিরাপত্তা সংস্থার ইউনিট প্রধানগণ।