কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ শুক্রবার (২৭ মার্চ) কুতুবদিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জনসাধারণের সাথে ব্যাপক গণসংযোগ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে সংসদ সদস্য কুতুবদিয়া উপজেলা সদরে অবস্থিত কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় তিনি বলেন, দ্বীপ উপজেলা কুতুবদিয়ার নারী শিক্ষার প্রসারে বর্তমান সরকারের এই উন্নয়ন প্রকল্প এক মাইলফলক হয়ে থাকবে।
বিকেলে বড়ঘোপ ইউনিয়নের মগডেইল ইনসাফ সোসাইটি আয়োজিত ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর ফরিদ এমপি। এসময় তিনি নিজে খেলা উদ্বোধন না করে সাবেক কৃতি ভলিবল খেলোয়াড় মোহাম্মদ ইসমাইল কুতুবীকে দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করিয়ে অনন্য ক্রীড়াসুলভ মানসিকতা ও জ্যেষ্ঠ খেলোয়াড়দের প্রতি সম্মান প্রদর্শন করেন। যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।
এর আগে সকালে বড়ঘোপ সমুদ্র সৈকতের মুক্ত মঞ্চে “সেইভ কুতুবদিয়া” স্লোগানকে ধারণ করে আয়োজিত হাল্ফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। দ্বীপ রক্ষায় জনসচেতনতা তৈরির এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসদ সদস্য কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে জনসাধারণের সাথে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আলী আকবর ডেইল, কৈয়ারবিল, ধূরুং বাজার, উত্তর ধূরুং এবং লেমশীখালী ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন।
দিনব্যাপী এই সকল কর্মসূচিতে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সফর শেষে সংসদ সদস্য কুতুবদিয়ার উন্নয়নে আগামীতে আরও বড় ধরণের পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।