কক্সবাজারের মহেশখালী উপজেলা সদরের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর করতে বহুল কাঙ্ক্ষিত রশিদ মিয়া ব্রিজের উভয় পাশের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মহেশখালীর বাস্তবায়নে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি ইয়ামিন জনি, উপ-সহকারী প্রকৌশলী আল আমিন সরকার, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, বিএনপি নেতা রেজাউল করিম মেম্বার, রহমত আলম মেম্বার, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, যুবদল নেতা তারেক রহমান জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনির, এনামুল করিম, কাইয়ুম ও আল জাবেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সাংবাদিক আবুল বশর পারভেজের মালিকানাধীন ‘মায়েশা মিডিয়া সেন্টার’-কে নির্ধারিত মান বজায় রেখে দ্রুততার সঙ্গে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
তিনি বলেন, সেতুর দুই পাশের সংযোগ সড়ক চালু হলে মহেশখালী সদরসহ আশপাশের এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।