এস. এম. তারেক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন ও অবৈধভাবে স’মিল পরিচালনার দায়ে পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্সবিহীন স’মিল এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার চারজনকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই স’মিল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন (৩৬) ও শামসুল আলম (৫২) নামের দুই ব্যক্তিকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে স’মিলে সংরক্ষিত গোল কাঠ এবং চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোমরিয়া রেঞ্জের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।
অন্যদিকে, একই ইউনিয়নের একটি ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ আইন অমান্যের দায়ে ভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন (৫২) এবং সালামত উল্লাহকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ও আরোপিত জরিমানার সমুদয় অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), পুলিশ ও আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় জনসাধারণের স্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।