কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এ ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা এবং অপর দু'জন টেকনাফের দমদমিয়া এলাকার বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার কেয়ারী ঘাটসংলগ্ন একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া মিনিবাসটি পায়রা সার্ভিসের। এর নিবন্ধন নম্বর কক্সবাজার জ–১১–০২৩২।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিনিবাসটি কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। কেয়ারী ঘাটসংলগ্ন এলাকায় একটি বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সেতুর রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী হোসেন (৪০) বলেন, দমদমিয়া বিজিবি চেকপোস্ট পার হওয়ার পর থেকে চালক অত্যন্ত দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার বলা সত্ত্বেও বাসের গতি কমাননি তিনি। চালক ও সুপারভাইজার ছাড়া বাসে মোট ১৬ জন যাত্রী ছিলেন বলেও জানান তিনি।
দুর্ঘটনার পরপরই কোস্ট গার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করা সম্ভব হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, 'দূর্ঘটনায় আহত চারজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে থানা হেফাজতে নেওয়া হবে।'