প্যারাগুয়ের বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে গোলসংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই চলতি আসরে গোলসংখ্যা এখন ৭। এতে গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপ্পে।
এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির ২০ গোল থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের সপ্তম গোল।
ফ্রান্সের হয়ে মাঠে নেমেই পেনাল্টি আদায় করেন দেজিরে দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়লে তাকে থামাতে হিমশিম খাচ্ছিল প্যারাগুয়ের রক্ষণভাগ। একপর্যায়ে বক্সের ভেতরে তাকে ফেলে দেয়া হলে ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি জানান।
শুরুতে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। এরপর ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। গোলের পর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে লাফিয়ে উদ্যাপন করেন তিনি।