উখিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন জাতীয় বিপ্লব ও সংহতি হচ্ছে ঐতিহাসিক দিবস। ১৯৭৫ সালের আজকের এই দিনে বিপদগ্রস্ত দেশ ও জাতিকে জিম্মিদশা থেকে মুক্ত করতে সিপাহি-জনতা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার অর্পণ করেছিলেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অনন্য এক মহান নেতা।মহান স্বাধীনতার ঘোষক থেকে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ১৭ বছর ইতিহাসের পাতা থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুছে ফেলার চেষ্টা করেছিল। এখন সময় এসেছে নতুন প্রজন্ম দেন নিকট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনস্বীকার্য অবদান তুলে ধরার জন্য।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহসান উল্লাহ সিকদার , উকিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, উখিয়া জামাতের সাধারণ সম্পাদক সুলতান আহমদ, উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমদ আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিনামূল্য সার বিতরণ, কৃষক কার্ড ও হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান এবং দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে। তাই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে চিত্রাংকন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উখিয়া কলেজ, উখিয়া সরকারি মহিলা কলেজ সহ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার সমূহে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।