কক্সবাজারের উখিয়ায় অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী 'আরসা'র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মাহমুদুল হাসান (৩৬)। তিনি উখিয়ার ২/ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৯ ব্লকের বাসিন্দা মৃত জলিল বকসুর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। সেখানে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব নিশ্চিত হয়েছে যে, মাহমুদুল হাসান রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন 'আরসা'র একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে আদালত কর্তৃক অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।