পেকুয়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি শর্টগানের কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া থানাধীন রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের বসতঘরের পেছনে অবস্থিত একটি খালের পাড়ে লাকড়ির স্তুপের নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা ছিল। অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে আইনানুগভাবে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি কালো রঙের শর্টগানের কার্তুজ (সিসা) এবং দুটি ধারালো কিরিচ।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।'