বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়েছে। একই দিন উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা।
বিজিবি সুত্র জানায়,রোববার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত ১৪ আগস্ট ২০২৫ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অপর দিকে একই ব্যাটালিয়ন কর্তৃক রাত আড়াইটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এসএম খাইরুল আলম।