বাংলাদেশ কৃষি ব্যাংক, কক্সবাজার মুখ্য অঞ্চলের উদ্যোগে ‘গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা’ গত ৭ জুলাই মঙ্গলবার কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজার মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আহসান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক (সাবেক সচিব) আনোয়ার ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীও উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত কক্সবাজার জেলার ১৯টি শাখার মাধ্যমে প্রায় ৮৫ হাজার কৃষকের মধ্যে ৩৮২ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে বলে জানান।
অনুষ্ঠানে ফুলচাষি ও ফুল ব্যবসায়ী প্রতিনিধিগণ ফুল চাষ ও বিপণনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা প্রধান অতিথির নিকট তুলে ধরেন। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আলোকে ফুল ও ফলভিত্তিক কৃষি ব্যবসায় কীভাবে অর্থায়নের সুযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম ক্ষুদ্র কৃষকদের গ্রুপ ও সমিতি গঠনের মাধ্যমে ক্লাস্টারভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দেন। আলোচনা সভায় কক্সবাজার জেলার কৃষিপণ্য বাজারজাতকরণে দুর্বল যোগাযোগ ব্যবস্থাকে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয় এবং এ বিষয়ে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন নীতিমালার কথা উল্লেখ করেন। তিনি কৃষি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং দেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত বহুমুখী পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি কৃষকদের সময়মতো গৃহীত ঋণ পরিশোধের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার মুখ্য অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা লিটন কুমার দে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন পেশার গ্রাহক, কৃষি উৎপাদক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলার ১৯টি শাখার শাখা ব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন।