কক্সবাজার বিচার বিভাগে নবগঠিত ৩টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ এর জারীকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের ৩টি সহ সারাদেশের বিভিন্ন জেলায় মোট ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়।
কক্সবাজারে নিয়োগ দেওয়া বিচারকবৃন্দ হলেন, ট্রাইব্যুনাল-১ এ কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইয়েদ মাহবুবুল ইসলাম, ট্রাইব্যুনাল-২ এ কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: আমিরুল হায়দার চৌধুরী এবং ট্রাইব্যুনাল-৩ এ কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৪(ক) এর ২ ধারা মতে এ নিয়োগ দেওয়া হয়।
নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল সমুহে নিয়মিত বিচারক পদায়ন না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল সমুহে মামলা আমলে গ্রহণ, বিচার ও নিষ্পত্তি সহ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগের নিমিত্তে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৪/ক ধারার বিধান মতে উল্লেখিত বিচারকগণ নিজ আদালতের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসাবে নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন।
এই ৩টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে শুধুমাত্র ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়েরকৃত মামলার ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের বিচার কার্যক্রম চলবে। ৩টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল মধ্যে ট্রাইব্যুনাল-১ এ টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী, ট্রাইব্যুনাল-২ এ উখিয়া, সদর, ঈদগাঁও এবং ট্রাইব্যুনাল-৩ এ রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার মাদক সংক্রান্ত অপরাধের মামলা গুলোর বিচার কার্যক্রম চলবে।
সংশ্লিষ্ট সুত্র মতে, কক্সবাজার জেলা জজশীপের অধীনে বিভিন্ন আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়েরকৃত ৮ হাজার ৮৩৬ মামলা বিচারাধীন রয়েছে। তারমধ্যে, জেলা ও দায়রা জজ আদালতে ২১টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ ১হাজার ১৬টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ ১হাজার ৩৮৫টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এ ১হাজার ৫০৮টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এ ৮৪৭টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এ ১হাজার ৪২১টি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৬ এ ১০৬টি, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এ ১হাজার ৭২৯টি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এ ৯০৩টি। এরমধ্যে, ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়েরকৃত মামলা গুলো নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করতে বলা হয়েছে। নিয়মিত আদালতে বিচারাধীন মামলাগুলো যে পর্যায় থেকে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে সে পর্যায়ে থেকে ট্রাইব্যুনালে বিচারকার্য পরিচালিত হবে। সংশ্লিষ্ট সুত্র মতে, শীঘ্রই নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গুলোতে নিয়মিত বিচারক, আইন কর্মকর্তা, সহায়ক কর্মচারী নিয়োগ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। তবে আইনজীবীরা বলেছেন, কক্সবাজার বিচার বিভাগে চরম অবকাঠামো সংকট থাকাবস্থায় নবগঠিত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গুলোর বিচারকার্য পরিচালনার জন্য এজলাসের ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হবে।