পেকুয়াকে পৌরসভা হিসেবে রূপান্তরিত করায় নাগরিক কমিটির ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও শোকরানা সভা করেছে পৌরবাসী।
রবিবার বিকাল ৪ টায় বর্ণাঢ্য আয়োজনে পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম এর নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সজ্জিত মিছিলে স্বরাষ্ট্র মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে নতুন পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও অংশ নেয় নানান শ্রেণির পেশাজীবি ও হাজারো নারী পুরুষ। এছাড়া সরকার দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলটি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে গিয়ে এক পথসভায় অংশ নেয় । পরে ওয়াপদা চত্বরে অনুষ্ঠিত শোকরানা সভা হয়।
এসময় সাংবাদিক ছাফওয়ানুল করিম বলেন, পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এ ঘোষণার মাধ্যমে পেকুয়ার উন্নয়ন, নাগরিক সুবিধা ও আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এজন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, পেকুয়ার মানুষের ঐক্য, প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে এ ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শোকরানা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।