বছরের শুরুতেই ভারতের মাটিতে গৌরবময় সাফল্যের বড় স্বীকৃতি পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী।
কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়ার হাতে সেরার পুরস্কার তুলে দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্ত শেয়ার করেছেন জয়া।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া বেশ কয়েকটি ছবি আপলোড করেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করছেন জয়া। এদিন জয়া পরেছিলেন বেগুনি রংয়ের শাড়ি। শাড়িতে ছিল রুপালি রংয়ের জারদৌসি কাজ।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।
প্রসঙ্গত, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৪-৩৫ সালে, ভারতবর্ষ সাময়িকীতে ধারাবাহিকভাবে। প্রায় ৯০ বছর পর সেই সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এ সিনেমায় ‘কুসুম’ চরিত্রে পর্দায় প্রাণবন্ত উপস্থিতি নিয়ে হাজির হন জয়া আহসান।