কক্সবাজারের উখিয়ায় একটি আলোচিত ধর্ষণ মামলার প্রধান ও এজাহারভুক্ত পলাতক আসামিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (২৭) উখিয়া উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। সোমবার রাতে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রয়েছে। সে ওই মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি। অপরাধ সংঘটনের পর গ্রেপ্তার এড়াতে সে নিজ এলাকা ছেড়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আত্মগোপন করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে এসআরবি-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-১৩ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের পেশাদার ও সময়োপযোগী এই অভিযানে মামলার প্রধান আসামি জসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।