ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদ জরুরি ভিত্তিতে নবায়ন করা হয়েছে। চলমান সেশনের জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় তার স্থলে মেধাবী ছাত্রনেতা মুরশেদ হোসাইন জামিলকে জেলা সভাপতি করে (২০২৬-২৭ সেশন এর জন্য) নতুন এ কমিটি নবায়ন করা হয়। নতুন জেলা কমিটিতে আহমদ ইয়াছিন সাধারণ সম্পাদক এবং শাহেদ হোসাইন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।
১৮ সেপ্টেম্বর ( জুমাবার), বাদ মাগরিব সংগঠনের কক্সবাজার জেলা শাখা কর্তৃক নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অলি উল্লাহ আরজুর সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশেষ অধিবেশনে নবায়নকৃত জেলা কর্মপরিষদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। একই সাথে তিনি নবনির্বাচিতদের শপথবাক্যও পাঠ করান।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ সাঈদ হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন , পাঠাগার ও সাহিত্য সম্পাদক তারেক আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক গিয়াস উদ্দিন আলতাফী, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক আকতার হোসাইন আবিদ, দফতর সম্পাদক হুমাইদ সাইফী, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ফজলুল করিম, হাবিবুর রহমান, কামরুল ইসলাম মুসা, আবরারুল হক।
এ বিশেষ অধিবেশনে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অলি উল্লাহ আরজু। বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির যুববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী,
ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন অর্থ সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুবসমাজ নেতা মাওলানা আতাউল্লাহ, মাওলানা আব্দুল করিম, মাওলানা হাফেজ আতিকুর রহমান রাসেল এবং তরুণ লেখক জাহিদুল ইসলাম রাইয়ান।
নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রধান অতিথি মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, প্রখ্যাত ওলামা-মশায়েখের হাতে গড়া বিপ্লবী কাফেলা ইসলামী ছাত্রসমাজের ঐতিহাসিক পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক পাঠ্যক্রমের সমন্বয়ে ইসলামী রাষ্ট্রচিন্তার চর্চায় মনোনিবেশ করতে হবে। ছাত্রজনতাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ সৈনিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মধ্যদিয়ে দ্বীনি দাওয়াতের ময়দানে, রাজপথে, শিক্ষাঙ্গনে বুদ্ধিবৃত্তিক কার্যকর ভূমিকা পালন করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু বলেন, কক্সবাজারের মাটিতে ইসলামী ছাত্রসমাজের যে গৌরবোজ্জ্বল সাংগঠনিক ঐতিহ্য ও সংগ্রামী নেতৃত্বের উত্তরাধিকার রয়েছে, সেই উত্তরাধিকার-ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে গঠনমূলকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ইলমে নবভীর সৌরভে, সাংগঠনিক কর্মসূচির ভিত্তিতে নিজেদের যোগ্যতার বিকাশে যত্নবান হতে হবে।