কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়নে কিশোরী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ‘কমিউনিটি কিশোরী ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক’ (সিসিপিএন) গঠনের উদ্যোগ নিয়েছে জাগো নারী উন্নয়ন সংস্থা (জেনাস)। এ উপলক্ষ্যে বুধবার, ২৫ নভেম্বর সকালে রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভা।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জাগো নারী উন্নয়ন সংস্থার কনসালটেন্ট আশীষ বণিক। এতে সংশিষ্ট প্রকল্প ব্যবস্থাপকছাড়াও নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ ইসলাম, সাতঘরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু ও রাবেয়া বসরী প্রমুখ বক্তব্য রাখেন।
সংস্থাটির উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত এ্যাসিভ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়- উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সংগঠন, সেবাদানকারী প্রতিষ্ঠান, কমিউনিটি প্রতিনিধি, অভিভাবক এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নেটওয়ার্ক গঠন ও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু সুরক্ষা ও অশুভ সামাজিক প্রথা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগ জোরদার করা হবে।
নেটওয়ার্কের সভাগুলোতে শিশু সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি বিভিন্ন সেবার ঘাটতি, সময়মতো সেবাদানের সুযোগ এবং নিরাপদ সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা হবে। এসব কার্যক্রমে কিশোরী, প্রতিবন্ধী শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অংশগ্রহণ এবং মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জেনাস জানায়, নেটওয়ার্কের কার্যক্রমে বিদ্যমান সরকারি ব্যবস্থা, পেশাদার কেস ম্যানেজমেন্ট কিংবা বিশেষায়িত সেবার বিকল্প হিসেবে কাজ করা হবে না। বরং স্থানীয় পর্যায়ে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষা, গোপনীয়তা, নিরাপদ অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করা হবে।
এছাড়া সংবেদনশীল কোনো ঘটনা নেটওয়ার্কে প্রকাশ্যে আলোচনা করা হবে না। প্রয়োজনে প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে নিরাপদে সেবার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা বাড়বে এবং শিশু ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা পাওয়ার পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছে জাগো নারী উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে