মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্ব মোঃ শফিউল আলম ঘটনাস্থল থেকে দুইটি স্যালু মেশিন জব্দ ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে নষ্ট করে দিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে আদালতের অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভুমি) কর্মকর্তা মোঃ আবুল মনসুর, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি দলের দাপট দেখিয়ে স্থানীয় একটি প্রভাবশালী দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীর কোনাখালী পয়েন্ট থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছে। দিনের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকায় চক্রটি রাতের আঁধারকে কাজে লাগিয়ে নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসবে মেতে ওঠে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। এভাবে সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী এলাকা, বসতবাড়ি এবং রক্ষা বাঁধ বা বেড়িবাঁধ এখন চরম ভাঙন ঝুঁকির মুখে পড়েছে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিউল আলম জানান, কোনাখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও আশপাশের পরিবেশের ক্ষতি হচ্ছে। আইন লঙ্ঘন করে তাঁরা অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষি জমির ক্ষতি সাধন করে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।