বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা যাচ্ছে না। অভিজ্ঞতাহীন সরকারের ভুল সিদ্ধান্তে লবণ আমদানির কথা উঠায় বাজারে দাম আরও কমে যায়। পরে আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন লবণচাষিরা।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে সবসময় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়। ২০০১ সালে বিএনপি সরকারের সময় ক্যাবিনেট পর্যায়ে আলোচনা করে লবণের মূল্য নির্ধারণ করা হয়েছিল। অথচ এখন লবণচাষিরা কেজিপ্রতি ১০ টাকাও পাচ্ছেন না, যা চরম বৈষম্য। ইনশাআল্লাহ এই বৈষম্য নিরসন করা হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, এসব কর্মসূচি প্রতারণা নয়। সরকারের সক্ষমতা থাকলে জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। যাদের কোনো পরিকল্পনা নেই, তারাই এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
কর্মজীবী নারীদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীদের কর্মসংস্থানে বাধা সৃষ্টি করবে। নারীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে মায়ের জাতিকে অপমান করা হয়েছে। অথচ বিএনপি সরকারের আমলে নারীদের শিক্ষা ও অগ্রগতির জন্য অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই আজ ইতিহাস বিকৃতির অভিযোগ তুলছে। এসব বক্তব্যের উদ্দেশ্য কেবল বিতর্ক সৃষ্টি করা।
তিনি বলেন, অপপ্রচার নয়-জনগণের সামনে দেশের উন্নয়নে কী করবেন, সেই পরিকল্পনা তুলে ধরুন। জনগণ তা গ্রহণ করলেই ভোট দেবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুটসহ আরও অনেকে।
এদিকে এরপর সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান ।