সীমিত সুযোগ-সুবিধা আর নানা আর্থিক টানাপোড়েন পেছনে ফেলে ঐতিহাসিক এক মিশন নিয়ে জাপানের পৌছেছেন দেশের সার্ফিং তারকা মো. মান্নান। ২০তম এশিয়ান গেমসে সার্ফিং ইভেন্টে প্রথম পুরুষ সার্ফার হিসেবে লাল-সবুজের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।
আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমস 'আইচি-নাগোয়া'-র সার্ফিং প্রতিযোগিতায় লড়বেন তিনি। এশিয়ার ১৭টি দেশের সেরা ৪৮ জন সার্ফারের মধ্যে পুরুষ বিভাগে মান্নান এবং নারী বিভাগে ফাতেমা আকতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এশিয়ান গেমসের সার্ফিংয়ে বাংলাদেশের এটিই প্রথম অংশগ্রহণ।
জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ লড়াই ও প্রত্যয়ের কথা জানান মো. মান্নান।
তিনি বলেন, ‘অনেক আর্থিক ও প্রাতিষ্ঠানিক বাধা ছিল, এখনো আছে। কিন্তু সবকিছু এড়িয়ে সার্ফিংকে ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছিলাম বলেই আজ এশিয়ান গেমসে অংশ নেওয়ার এই ঐতিহাসিক মুহূর্ত এসেছে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারব।’
প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে মান্নান জানান, দেশের সীমানার মধ্যে নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি নিয়েছেন। তবে বিদেশি প্রতিযোগীদের মতো উন্নত কন্ডিশনে অনুশীলনের আক্ষেপ তাঁর রয়ে গেছে।
তিনি বলেন, ‘অন্যান্য প্রতিযোগী দেশের অ্যাথলেটরা অত্যন্ত উন্নতমানের সুবিধা পায় এবং প্রতি ছয় মাস পরপর দেশের বাইরে গিয়ে হাই-পারফরম্যান্স ট্রেনিং করে। সেই তুলনায় আমাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও সেটিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আত্মবিশ্বাস নিয়ে নিজেদের সেরাটা দেব।’
দেশের সার্ফিংকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় তুলে ধরার লক্ষ্য নিয়ে মান্নান আরও যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য দেশের জন্য সম্মানজনক একটি ফলাফল অর্জন করা, যাতে করে আন্তর্জাতিক সার্ফিংয়ে বাংলাদেশের নাম সগৌরবে উচ্চারিত হয়।’
উল্লেখ্য, জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার শক্তিশালী ১৭টি দেশের সার্ফাররা অংশ নিচ্ছেন। মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ দল জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।