যে মাঠে খেলাধুলায় মগ্ন ছিল সীমান্তে গুলিতে নিহত শিশু হুজাইফা সুলতানা আফনান (৯), সেই মাঠের পাশেই কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে তাকে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা।
জানাজায় উখিয়া-টেকনাফ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার শত শত মানুষ অংশ নেন।
এর আগে, সকাল থেকেই হুজাইফার মরদেহ একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতে মা-বাবার হৃদয়বিদারক আহাজারিতে উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। হুজাইফা আফনান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং পরিবারের বড় সন্তান ছিল। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে হুজাইফার মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছায়।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া একটি গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়।