জেলার কৃতী ফুটবলার ও মহেশখালীর সন্তান সাঈদীর ওপর হামলার প্রতিবাদে রামুতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় খালেকুজ্জামান ফুটবল চত্বরে রামু উপজেলা খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
রামু উপজেলা খেলোয়াড় সমিতির আহ্বায়ক রুহুল আমিন রকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা তরূপ বড়ুয়া, রাজু বড়ুয়া ও নিশান বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম মাসুদ, টিম ম্যানেজার নজরুল ইসলাম, অধিনায়ক কমল বড়ুয়া, গোলরক্ষক শামীম এবং ফুটবলার কৌশিক বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম জয়।
বক্তারা বলেন, সাঈদীর মতো একজন প্রতিভাবান ক্রীড়াবিদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন খেলোয়াড় মাঠে দেশের ও জেলার প্রতিনিধিত্ব করে সম্মান বয়ে আনেন। তাই কোনো ক্রীড়াবিদের ওপর হামলা বা হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাঈদীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি রামুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার, সাঈদীর নিরাপত্তা নিশ্চিত এবং ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তারা ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ কিংবা সাধারণ নাগরিক যেন এ ধরনের হামলার শিকার না হন, সে জন্য প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।