চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আজ রাতেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ অক্টোবরে এ ফল প্রকাশিত হবে। এর আগে আগামী ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে ফল প্রকাশের পদ্ধতিসহ নানান বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
সংশ্লিষ্ট তথ্যমতে, শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে এর আগে ২৫-২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবনা থেকেই ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলো।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।