কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রদত্ত একটি ওয়াটার অ্যাম্বুলেন্স জোয়ারের পানিতে ডুবে গেছে।
শনিবার (২ মে) সকালে জোয়ারের পানি বৃদ্ধি পেলে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্পিডবোটটিতে পানি ঢুকে এটি তলিয়ে যায়। প্রায় দেড় বছর ধরে বড়ঘোপ স্টিমার ঘাটে নোঙর করা অবস্থায় পরিত্যক্ত ছিল অ্যাম্বুলেন্সটি।
ঘাটসংলগ্ন এক চায়ের দোকানদার মো. জাহাঙ্গীর জানান, ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের বাইরের খালে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শনিবার সকালে জোয়ারের পানি বাড়লে কাত হয়ে থাকা বোটে সহজেই পানি ঢুকে সেটি তলিয়ে যায়। বিষয়টি বিভিন্নভাবে জানানো হলেও রাত পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব উল আলম বলেন, ওয়াটার অ্যাম্বুলেন্সটি ডুবে যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ জানান, অ্যাম্বুলেন্সটি ডুবে যাওয়ার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কুতুবদিয়া-মগনামা চ্যানেলে জরুরি রোগী পরিবহনের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকেই অতিরিক্ত জ্বালানি খরচের কারণে এটি ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এটি অযত্নে পড়ে ছিল এবং দেখভালের অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে।