কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সরকার কর্তৃক এক লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের জোর দাবি জানান।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে- এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যেই স্পষ্ট। এর পাশাপাশি নতুন লবণ উৎপাদন মৌসুমও শুরু হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দেশীয় লবণখাতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, উৎপাদন মৌসুমের শুরুতেই বাজারে আমদানিকৃত লবণ সরবরাহ করা হলে দেশীয় লবণের দাম স্বাভাবিকভাবেই কমে যাবে। এতে লবণচাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে এবং তারা উৎপাদনে আগ্রহ হারাবে। এর সরাসরি নেতিবাচক প্রভাব চলতি মৌসুমের লবণ উৎপাদনের ওপর পড়বে।
ড. হামিদুর রহমান আযাদ সতর্ক করে বলেন, লবণচাষিরা যদি আজ উৎপাদনে নিরুৎসাহিত হন, তাহলে ভবিষ্যতে এর ভয়াবহ ফল ভোগ করতে হবে দেশকেই। উৎপাদন কমে গেলে একসময় দেশীয় বাজারে লবণের ঘাটতি দেখা দিতে পারে এবং তখন আবার আমদানিনির্ভর হয়ে পড়তে হবে। এটি দেশের খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীসহ উপকূলীয় অঞ্চলের হাজার হাজার লবণচাষি ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজার অস্থিরতার কারণে চরম চাপের মধ্যে রয়েছে। এই অবস্থায় আমদানির সিদ্ধান্ত কার্যকর হলে তাদের ওপর নতুন করে আর্থিক বিপর্যয় নেমে আসবে।
প্রেস বিবৃতিতে তিনি অভিযোগ করেন, দেশীয় উৎপাদকদের স্বার্থ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের অর্থ হলো একটি নির্দিষ্ট আমদানিকারক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। এটি সাধারণ লবণচাষি ও শ্রমজীবী মানুষের প্রতি চরম অবিচার।
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এক লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করতে হবে। একই সঙ্গে দেশীয় লবণ সংগ্রহ ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে এবং লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দেশীয় উৎপাদনকে ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। লবণচাষিদের রক্ষা করতে এবং ভবিষ্যতে সম্ভাব্য লবণ সংকট এড়াতে হলে এই আমদানি সিদ্ধান্ত এখনই প্রত্যাহার করা ছাড়া বিকল্প নেই।