চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগতির বিলাসবহুল ইম্পেরিয়াল স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাথে থাকা নাতনি ইসমা (১০) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায়
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম খাতুন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা। আহত শিশুটি তাঁর আপন নাতনি বলে নিশ্চিত করেছে পরিবার ও পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বানিয়ারছড়ায় মেয়ের বাড়ি থেকে এলাকার নিজ বাড়িতে ফেরার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন মরিয়ম খাতুন ও নাতনি ইসমা। এসময় ঢাকামুখী দ্রুতগতির ইম্পেরিয়াল পরিবহনের একটি স্লিপার বাস তাদের চাপা দেয়। এতে মরিয়ম খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারাণ এবং তার নাতনি ইসমা গুরুতর আহত হয়।
পরে চিরিংগা হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা আহত ইসমাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ইসমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার খবর চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় পৌঁছলে নিহতের স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চিরিংগা হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।