পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন আহমদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জিএমসি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সালাহ উদ্দিন আহমদের নিজ বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সেখান থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশন প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর এলামনাই এসোসিয়েশন স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সালাহ উদ্দিন আহমদ একজন পরীক্ষিত, ত্যাগী ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রেখে আসছেন। পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
“ভোট দিব ধানের শীষে, দলমত নির্বিশেষে”—এই স্লোগানকে সামনে রেখে এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিগত যোগ্যতা, সততা ও নেতৃত্বের প্রশ্নে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সালাহ উদ্দিন আহমদকে সমর্থন করা সময়ের দাবি। তারা পেকুয়া ও কক্সবাজার অঞ্চলের উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের সভাপতি আমিরুল মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সি. সহ-সভাপতি আরিফ আহমদ চৌধুরী, আবুল হাসেম, মাহফুজুর রহমান, ডা. মুজিবুর রহমান, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, নাছির উদ্দীন, এডভোকেট মোহাম্মদ ইউনুচ, সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এডভোকেট আশফাক আহমেদ, এডভোকেট মুজিবুল হক, পাঠাগার সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহেদুল হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মামুনুর রশীদসহ এলামনাই এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।