‘হাত ধোয়ার নায়ক হও’ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শৈবাল হোটেলের সাগরিকা রেস্তোরাঁয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিসহ সকলে জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল আলম। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. নসরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে স্বাস্থ্যসম্মত আচরণ ছড়িয়ে দিতে হবে।
সভাপতির বক্তব্যে মো. নসরুল্লাহ বলেন, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি চর্চা একে অপরের পরিপূরক। হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল) মো. মাহমুদুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন ডা. আসিফ চৌধুরী, ইউনিসেফ কক্সবাজার ফিল্ড অফিসের প্রধান দীপিকা শর্মা, ইউনিসেফের ওয়াশ ফোকাল রাফায়েল, অক্সফামের ওয়াশ লিড মো. মনিরুজ্জামান এবং হাইসাওয়ার প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক মন্ডল।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পরে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী হয়। পরে হাত ধোয়া নিয়ে সচেতনতামূলক গান পরিবেশন ও কেক কাটা হয়। পরবর্তীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১০ জন শিক্ষার্থী হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে ক্তব্য দেন।
আয়োজকেরা জানায়, দিবসটির অন্যতম উদ্যোগ ছিল বিদ্যালয়ভিত্তিক ‘হাত ধোয়ার নায়ক হও’ নির্বাচন। এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সহপাঠীদের হাত ধোয়ার বিষয়ে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত আচরণ চর্চা অব্যাহত রাখতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক-শিক্ষিকাসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগম।
প্রসঙ্গত, বিশ্ব হাত ধোয়া দিবস প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয়। এ বছর কক্সবাজারে দিবসটি উপলক্ষে ২৯ অক্টোবর কর্মসূচির আয়োজন করা হয়।