কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপের গর্ত থেকে টানা ১৫ দিন ধরে গ্যাস বের হচ্ছে। সেই গ্যাসে জ্বলছে আগুন, সঙ্গে বের হচ্ছে পানি। দীর্ঘ সময় ধরে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় ভূগর্ভে বড় গ্যাসের মজুত বা রিজার্ভার থাকার সম্ভাবনা দেখছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা।
তবে সেখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, তা এখনো নিশ্চিত নয়। এ জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা ও ভূতাত্ত্বিক অনুসন্ধান প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা। আপাতত কূপটি নিরাপদে নিয়ন্ত্রণে আনাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ও বিকেলে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের নয় সদস্যের একটি কারিগরি ও বিশেষজ্ঞ দল। গত ২৭ অক্টোবর ওই এলাকার প্রায় এক হাজার ফুট গভীর একটি নলকূপের গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। এরপর থেকে গ্যাসের প্রবাহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার অহিদুল ইসলাম বলেন, সরেজমিনে পর্যবেক্ষণে সেখানে একটি ভূ-কাঠামোর (স্ট্রাকচার) অস্তিত্ব পাওয়া গেছে। সাধারণত ফোল্ড বেল্টের ক্রেস্ট বা ভাঁজের সর্বোচ্চ অংশে এ ধরনের ভূ-কাঠামো তৈরি হয়। এলাকার দৃশ্যমান ভূতাত্ত্বিক গঠনকে ‘বোকাবেল ফরমেশন’ বলা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ধরনের ফরমেশনের নিচে গ্যাসের মজুত রয়েছে। ইনানীতেও একই ধরনের রিজার্ভার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে এই রিজার্ভার থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, তা এখনই বলা যাচ্ছে না বলে জানান হাওলাদার অহিদুল ইসলাম। তিনি বলেন, এ জন্য আরও কারিগরি অনুসন্ধান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিনিয়োগ প্রয়োজন। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কূপটি নিরাপদে বন্ধ করা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক মো. তোফায়েল উদ্দিন শিকদার বলেন, সাধারণত অল্প গভীরতায় পাওয়া গ্যাসের স্থায়িত্ব কম থাকে। এ ধরনের গ্যাসের চাপ ও উৎপাদন সক্ষমতাও তুলনামূলক কম হওয়ায় অনেক ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রবাহ কমে যায় বা বন্ধ হয়ে যায়। কিন্তু প্রায় দুই সপ্তাহ পর্যবেক্ষণের পরও ইনানীর কূপ থেকে গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ না হওয়ায় বিষয়টি নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তোফায়েল উদ্দিন শিকদার আরও বলেন, কূপটিতে কিছু কারিগরি ঝুঁকি রয়েছে। সেগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নির্ধারণে বাপেক্সের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। পরে তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। অনুমোদন ও নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, কূপটির কাঠামোগত মূল্যায়ন, ভূতাত্ত্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সংগৃহীত গ্যাসের নমুনা পরীক্ষা করতে হবে। ঢাকায় থাকা বিশেষজ্ঞ দলের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে। পরীক্ষার ফলাফল ও গ্যাসের স্থায়িত্ব বিশ্লেষণের পরই বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সম্ভাবনা নিশ্চিত হলে সরকারের অনুমোদন সাপেক্ষে পরবর্তী প্রকল্প নেওয়া হবে।
এদিকে নিজেদের এলাকায় গ্যাসের সম্ভাবনার খবরে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এখানে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। জরিপ ও উন্নয়নকাজের জন্য জমির প্রয়োজন হলে সহযোগিতা করতেও তাঁরা প্রস্তুত।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় মানুষের মধ্যে একদিকে আতঙ্ক, অন্যদিকে আশার সঞ্চার হয়েছে। এখানে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিললে স্থানীয় মানুষের জন্য তা হবে আনন্দের খবর।
আরেক বাসিন্দা জলিল উদ্দিন বলেন, পরীক্ষা-নিরীক্ষায় গ্যাসের মজুত নিশ্চিত হলে এবং উৎপাদন শুরু হলে তা এলাকাবাসীর জন্য বড় উপহার হবে। এতে এলাকার উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মানও বাড়বে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, সরকার যদি গ্যাসের মজুত যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংরক্ষণ ও উত্তোলনের উদ্যোগ নেয়, তাহলে তা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে ইনানীতে গ্যাসের প্রবাহকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার আগে সেখানে বাণিজ্যিক গ্যাসক্ষেত্রের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।