কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইরফান (২৩)। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির ছেলে। সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, রোহিঙ্গা ক্যাম্পে একটি চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন, অপহরণ এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এসআরবি-১৫ (সিপিসি-২, হোয়াইক্যং)-এর একটি দল বালুখালী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. ইরফানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি। এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ১১ হাজার ৫০০ টাকা, ৫ অস্ট্রেলিয়ান ডলার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।