কক্সবাজারে একটি হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় একজনকে বেকসুর খালাস এবং অপর একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা দেয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত এজহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান (৪৫)।
একই মামলায় মনজুরুল ইসলামকে (৪৪) বেকসুর খালাস ও ফরিদুল হক সোনা মিয়াকে (৪১) ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা দেন আদালত। এ মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করেছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশীদ জানান, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এ সময় জাফর আলম বাঁধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন জাফর আলম। এ ঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করে। মামলার দীর্ঘ কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।