কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সরকারের সাবেক অতিরিক্ত সচিব ওমর ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিসিএস ৮৬ ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন। গতকাল দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্মজীবনে অত্যন্ত সৎ, দক্ষ এবং নীতিবান কর্মকর্তা হিসেবে ওমর ফারুকের ব্যাপক সুনাম ছিল। বিশেষ করে কক্সবাজারে কর্মরত থাকাকালীন সময়ে তাঁর জনবান্ধব কর্মকাণ্ড এবং প্রশাসনিক দক্ষতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত মার্জিত, পরোপকারী এবং সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে প্রশাসনের সাবেক ও বর্তমান সহকর্মী এবং কক্সবাজারের সুধী সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।