কক্সবাজারের রামুতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ১০ হাজার পিস ইয়াবাসহ নুর ফাতেমা (৪০) নামের এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামু থানাধীন বসুন্ধরা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত নুর ফাতেমা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার মো. শফি আলমের স্ত্রী ও ইমাম হোসেনের মেয়ে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে রামুর বসুন্ধরা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি শুরু করে র্যাব-১৫ (কক্সবাজার সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল। তল্লাশিকালে মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহ হওয়ায় নুর ফাতেমাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নারী র্যাব সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নুর ফাতেমা একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে রামু থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা রুজু এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।