কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন বাবা। তারা দুইজনই কক্সবাজারে ভ্রমনে আসা পর্যটক।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন মডার্ন হ্যাচারির সামনে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক মো. হেলাল উদ্দিন। তিনি মেহেরপুর সদর উপজেলার পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার শেখের ছেলে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসনের নিয়োজিত বীচকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, “কলাতলী সমুদ্রসৈকত পয়েন্টের সায়মন বীচের দক্ষিণ পাশে, মডার্ন হ্যাচারির সামনে বাবা-ছেলে দুই পর্যটক সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা ছেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তার বাবা এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে বীচকর্মীরা সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।”
সী সেফ লাইফ গার্ড সংস্থার সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, “সূর্যাস্তের পর লাইফ গার্ডের নিয়মিত সেবা কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া যে দুই পর্যটক সমুদ্রে গোসল করতে নেমেছিলেন, তারা লাইফ গার্ড সেবার নির্ধারিত এলাকার বাইরে ছিলেন। ওই এলাকায় কোনো সতর্কতামূলক পতাকাও ছিল না। পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, লাইফ গার্ড ও বীচকর্মীরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেন এবং তা অব্যাহত রয়েছে।”