কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ও মাস্টার্স সমাপনকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বেলাল নূর আজিজী।
তিনি বলেন, উন্নত ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয় জীবন মর্যাদাপূর্ণ সময়। শুধু সনদে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নির্যাস নিয়ে জীবন চলতে হবে। যারা যেখানে যাবেন আচরণে যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন কাজে জড়ানো যাবে না।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ যারা তৈরি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকার আহবান জানান প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।
বিদায়ী শিক্ষার্থী মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার খোরশেদ আলী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-ইত্তেহাদুল মাদারিসের সহকারী মহাসচিব ও রামু রাজারকূল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ বদিউল আলম ও প্রভাষক নাঈমুদ্দিন মাহমুদ।
বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থীরা। তারা শিক্ষকদের জ্ঞানগর্ভ ও আন্তরিকতামাখা পাঠদান এবং সকল স্তরের কর্মকর্তা-কর্ম চারীদের সহযোগিতাপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
বিদায় সংবর্ধনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান ও সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতার স্মারক তুলে দেন অতিথিরা।