কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণিতে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম. মোবারেক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম এবং শিক্ষক মুজিবুর রহমান মিন্টুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান।