ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফোরকানের দোকান সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিস মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল শরিফের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ বলেন, জনগণের রায়ে আমরা নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের উৎপাদিত লবণের ওপর দীর্ঘদিন ধরে চলমান সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি উপকূলবাসীর জানমাল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে বেকারত্ব দূর করা হবে এবং ব্যবসার বহুমুখীকরণের মাধ্যমে জনগণকে জনশক্তিতে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, এই জনপদের মানুষ দখলবাজদের অত্যাচারে জর্জরিত। আল্লাহর রহমতে ক্ষমতায় গেলে দখলবাজদের দৌরাত্ম্যের অবসান ঘটানো হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। কোনো মানুষ আর ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, জেলা জামায়াতের শুরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মোহাম্মদ দিদারুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আরিফুল ইসলাম এবং পেকুয়া উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রশিদ।
পথসভায় স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।