জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র বুধবার ও বৃহস্পতিবার যথাক্রমে ২২ ও ২৩ এপ্রিল বাছাই করা হবে।
গত ২০ এপ্রিল কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ ৩৬ জন বিএনপি নেত্রীকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না মনোনয়নপত্র দাখিল করে তাঁকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। দল থেকে তাঁর উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনে তিনি মহান আল্লাহর অসীম রহমত ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মী সহ কক্সবাজারবাসী তাঁকে যেভাবে সমর্থন যুগিয়েছেন তারজন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁকে মনোনয়ন দিয়ে দল তাঁর ত্যাগ ও অবদানের মূল্যায়ন করায় তিনি তাঁর জীবনের সর্বোচ্চটা দিয়ে দল ও মানুষের জন্য আজীবন কাজ করে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রতিটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী না থাকলে নিয়মানুযায়ী মনোনয়নপত্র বৈধ হওয়া সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হবে। নির্বাচনী তফশিলের সকল কার্যক্রম ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।