কক্সবাজারের টেকনাফ থেকে ১টি বিদেশি পিস্তল ও ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে নৌবাহিনী। তাদের দাবি-আটক ব্যক্তি মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় এক বার্তায় নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটক মো: রফিক ওরফে বরমাইয়া রফিক। তার বিরুদ্ধে মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।
নৌবাহিনী জানায়-টেকনাফে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন তথ্য পাওয়া যায়। তার প্রেক্ষিতে সোমবার রাতে টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরুফে বরমাইয়া রফিক সিএনজিযোগে আসলে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে সিএনজিটি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না- গেলেও জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকের চালানটি তার দুইজন সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে।
“তার ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দলটি তাৎক্ষণিক চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে মাটির স্তুপের নিচে পুতে রাখা একটি ব্যাগ হতে ৫০ হাজার ইয়াবা এবং ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটকৃত মাদক কারবারির বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে। ”
নৌবাহিনী জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।