কক্সবাজারের ঈদগাঁও বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদর সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পিকআপ ভ্যানে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন 'শাকিল ট্রেডিং'-এর সামনে অবস্থান নিয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে পিকআপ ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকানো ১৮,৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালক জামাল উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতার দম্পতির ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা, পিকআপ ভ্যানসহ অন্যান্য আলামত এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।