কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ ও সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা বিচার প্রার্থী, আইনজীবী ও জনসাধারণের
মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নাগালে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের পর নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত ও সম্পূর্ণ নিরপেক্ষতার সহিত তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেক সন্ত্রাসী ও অস্ত্রধারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এহেন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যেন জেলার কোথাও সংঘটিত হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, পুরো জেলায় মানব পাচার, অপহরণ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহতভাবে চলছে। সম্প্রতি উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃত্যু, চকরিয়ায় পুত্রের হাতে পিতা খুন, কবিতা চত্বরে জুলাই যোদ্ধা খোরশেদ হত্যা, পর্যটকের উপর হামলা- ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
আমরা জেলাবাসীর নিরাপত্তা বৃদ্ধি ও পর্যটন শহর ও পর্যটন শিল্প কে রক্ষায় প্রধান বিরোধী দল হিসেবে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ সহযোগিতা করতে সবসময় প্রস্তুত রয়েছি। নেতৃবৃন্দ সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজসহ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।