পেকুয়ায় নির্বাচন অফিসের আয়োজনে পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন-এ আসন্ন “গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল মান্নান । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।
আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব আলম মাহাবুব, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শওকত আলী চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারীদের দায়িত্ববণ্টন ও কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পেকুয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনগন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।